কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৮:২৫ পিএম
চট্টগ্রামের কর্ণফুলীতে মেয়াদোত্তীর্ণ ও মূল্যতালিকাবিহীন পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেল ৩টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেনের নেতৃত্বে শিকলবাহা কলেজ বাজারে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় তিন দোকানিকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দোকানিদের প্রতিদিনের হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়।
একই সঙ্গে বিদেশি পণ্যের গায়ে আমদানিকারক ও পরিবেশকের মূল্যসংবলিত স্টিকার প্রদর্শনের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
অভিযানে কর্ণফুলী থানার একটি পুলিশ টিম সার্বিক সহায়তা প্রদান করে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
জেএইচআর