আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ
ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৭:৫৯ পিএম
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান আজ বিকেলে সদর উপজেলা ভূমি অফিস ও পৌর ভূমি অফিস পরিদর্শন করেছেন। এ সময় তিনি ভূমি সেবার চলমান কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সেবার মান আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপী এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা। জেলা প্রশাসকের আগমনে পৌর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা জীবন কুমার বিশ্বাস তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, ভূমি সংক্রান্ত সেবা দ্রুত ও স্বচ্ছভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই কাঙ্ক্ষিত সেবা পান, সেটি নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন, সরকারের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে শতভাগ সফল করতে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। ভূমি অফিসের রেকর্ডপত্র রক্ষণাবেক্ষণ এবং নামজারি প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তির ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
জেএইচআর