মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি
ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৩:৪৭ পিএম
আসন্ন রমজান মাসে পার্বত্য চট্টগ্রামে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও জনপ্রতিনিধিদের কঠোর নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
তিনি স্পষ্টভাবে জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। বাজার অস্থিতিশীল করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে বলে তিনি উল্লেখ করেন।
শুক্রবার রাঙ্গামাটি সার্কিট হাউসে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের নেতৃত্বে পরিষদের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এই নির্দেশনা দেন।
তিনি বলেন, রমজান মাসে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা আদায়ের কোনো সুযোগ দেওয়া হবে না। মধ্যস্বত্বভোগী ও ফড়িয়াদের দৌরাত্ম্য কঠোরভাবে দমনের পাশাপাশি জেলা পরিষদ সদস্যদের বাজার মনিটরিং জোরদার করার নির্দেশ দেন তিনি।
ব্যবসায়ী মহলের উদ্দেশ্যে মন্ত্রী একটি কার্যকর ‘বাজার ফান্ড’ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, প্রয়োজনে এই তহবিল ব্যবহার করে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ নিতে হবে। বর্তমান সরকার ১৮০ দিনের বিশেষ উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিনের উন্নয়নবঞ্চিত পাহাড়ি এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করা হবে।
পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় জাতিগোষ্ঠীর প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, বম, পাংখোয়া, খেয়াংসহ পাহাড়ের ১১টি জাতিগোষ্ঠী সরকারের কাছে সমান গুরুত্ব বহন করে। কাউকে পেছনে রেখে নয়, বরং সকল সম্প্রদায়কে দেশের মূলধারার উন্নয়নে সম্পৃক্ত করা হবে বলে তিনি জানান। পাহাড়ে সুষম উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য বরদাস্ত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
একই স্থানে রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী আধুনিক ও মানসম্মত শিক্ষা বিস্তারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রাথমিক শিক্ষা অফিসের সকল শূন্য পদের তালিকা দ্রুত প্রস্তুত করে তা বিধি মোতাবেক পূরণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্যবাসীর কল্যাণে যে দায়িত্ব অর্পণ করেছেন, তা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন। দেশের স্বার্থে ব্যক্তিগত লাভ-লোকসানের হিসাব ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আমরা আগে কাজ করে ফলাফল দেখাতে চাই, যা পরবর্তী সময়ে জনগণের কাছে দৃশ্যমান হবে বলে তিনি উল্লেখ করেন।
জেএইচআর