সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)
মার্চ ৫, ২০২৬, ০৪:৪৩ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় এক সাথে তিন কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আরজিনা বেগম (৩০) নামে এক গৃহিণী। তিনি উপজেলার দৌলতদিয়া ২ নম্বর ওয়ার্ডের মজিদ শেখের পাড়া গ্রামের মফিজ মন্ডলের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (২ মার্চ) প্রসব বেদনা নিয়ে আরজিনা ফরিদপুরের আল-জারা স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। সেখানেই সিজারিয়ানের মাধ্যমে তিনি তিন কন্যাসন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক তিন শিশু সুস্থ আছে।
বৃহস্পতিবার সকালে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন নবজাতকদের পিতা মফিজ মন্ডল। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী ও কন্যারা সবাই সুস্থ আছে। বর্তমানে তারা হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি রয়েছে।
নবজাতকদের মা আরজিনা বেগম জানান, তিন কন্যাসন্তান পেয়ে তিনি অনেক খুশি। তবে একসাথে তিন শিশুর জন্মের কারণে তারা পর্যাপ্ত বুকের দুধ পাচ্ছে না। তিনি আরও বলেন, আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না। সরকারিভাবে কোনো সহযোগিতা পেলে শিশুদের পুষ্টি ও খাবারের চাহিদা মেটানো সহজ হতো।
জেএইচআর