সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)
মার্চ ১২, ২০২৬, ০৫:৫৭ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দে উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদের ২০০ জন ইমামের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা মডেল মসজিদ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস। মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ এবং জামায়াতে ইসলামীর পৌর শাখার সভাপতি মো. জালাল উদ্দিন প্রামাণিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মোস্তফা মেটালের পরিচালক মো. সেলিম মুন্সী জানান, প্রতিষ্ঠানটি সব সময় সামাজিক উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানে জনকল্যাণমূলক কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ইমামদের সম্মানে এই উপহার দেওয়া হলো। ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
জেএইচআর