আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোনা)
মার্চ ১৩, ২০২৬, ১১:৩৪ এএম
দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। সেলাই মেশিনের শব্দে মুখর হয়ে উঠেছে নেত্রকোনার কেন্দুয়ার দর্জিপাড়া। ঈদে নতুন পোশাক তৈরিতে এখন দিন-রাত ব্যস্ত সময় পার করছেন উপজেলার কারিগররা।
পৌর সদরের খোকন টেইলার্সের মালিক খোকন দেবনাথ জানান, এবার নারীদের পোশাকের অর্ডার অনেক বেশি। রোজার আগে থেকেই অর্ডার নেওয়া শুরু হয়েছে, এখন নতুন করে আর কাজ নেওয়া সম্ভব হচ্ছে না। ঈদ উপলক্ষে এই এক মাসের কাজ প্রায় সারা বছরের সমান বলে তিনি উল্লেখ করেন।
দর্জি কারিগর সুকেন্দু, রবিন ও সাজু জানান, সুতি, সিল্ক ও জর্জেট কাপড়ের কাজ বেশি হচ্ছে। প্রকারভেদে একেকজন কারিগর দিনে ১০ থেকে ১৫টি পোশাক তৈরি করছেন। থ্রি-পিস বানাতে ৩০০ থেকে ৪৫০ টাকা, শার্ট ২৫০-৩০০ টাকা এবং প্যান্ট বানাতে ৪০০-৫০০ টাকা মজুরি নেওয়া হচ্ছে।
এদিকে পোশাকের দাম ও মজুরি বৃদ্ধি পাওয়ায় কিছুটা হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। তবে ঈদ উপলক্ষে পছন্দের পোশাকটি সময়মতো বুঝে পেতে দর্জিদের দুয়ারে ভিড় লেগেই রয়েছে।
জেএইচআর