ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পরিবেশবান্ধব ও নান্দনিক, টাঙ্গাইলে বাড়ছে বাঁশের হস্তশিল্পের চাহিদা

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল

মার্চ ১৩, ২০২৬, ০৫:৪০ পিএম

পরিবেশবান্ধব ও নান্দনিক, টাঙ্গাইলে বাড়ছে বাঁশের হস্তশিল্পের চাহিদা

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বাঁশের তৈরি হস্তশিল্প দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। পরিবেশবান্ধব ও নান্দনিক হওয়ায় দেশীয় বাজারে যেমন এর চাহিদা বাড়ছে, তেমনি বিদেশেও রপ্তানি হচ্ছে এসব পণ্য।

জেলার দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের বর্ণী, প্রয়াগজানী ও কোপাখী গ্রাম এখন বাঁশের কুটিরশিল্পের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। এই তিনটি গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই নারী-পুরুষ নিপুণ হাতে বাঁশ দিয়ে বিভিন্ন শৌখিন ও নিত্যব্যবহার্য পণ্য তৈরি করছেন। পুরো গ্রামজুড়ে এখন ছোট ছোট কারখানার কর্মব্যস্ততা চোখে পড়ে।

ডুবাইল ইউনিয়নের বর্ণী গ্রামের বাসিন্দা এবং এই শিল্পের প্রধান উদ্যোক্তা হলেন আন্তর্জাতিক কারুশিল্পী নূরুন্নবী। তিনি বর্ণী দক্ষিণ পাড়ায় ‘নূরুন্নবী ব্যাম্বো ক্র্যাফট’ নামে একটি কারখানা গড়ে তুলেছেন। সেখানে প্রতিদিন ৬০ থেকে ৭০ জন শ্রমিক সরাসরি কাজ করেন। এ ছাড়া প্রায় শতাধিক পরিবার নিজ বাড়িতে পণ্য তৈরি করে তাঁর কারখানায় সরবরাহ করেন।

সরেজমিনে দেখা যায়, কারখানায় তৈরি হচ্ছে বাহারি বাস্কেট, টেবিল ল্যাম্প, প্লেস ম্যাট, ট্রে, মোড়া, ফলের ঝুড়ি, টিস্যু বক্স, গয়নার বাক্স, জানালার পর্দা, ওয়েস্ট পেপার ঝুড়ি এবং ড্রিংকস বোতলের ঝাড়সহ নানা নান্দনিক সামগ্রী।

কারখানার কর্মচারী সিরাজুল ইসলাম জানান, রাজধানী ঢাকার বড় বড় শোরুমে এসব পণ্য নিয়মিত সরবরাহ করা হয়। এ ছাড়া বিভিন্ন রপ্তানিকারকের মাধ্যমে বিশ্বের ১০-১২টি দেশে টাঙ্গাইলের এই বাঁশজাত পণ্য রপ্তানি হচ্ছে।

শখের বসে এসব পণ্য ব্যবহারকারী আব্দুল্লাহ গফুর জানান, বাঁশের তৈরি শৌখিন সামগ্রীগুলো বিশেষ করে রাতে আলো-আঁধারির পরিবেশে অপূর্ব দেখায়। বিভিন্ন নকশা ও কারুকাজে তৈরি এই পণ্যগুলো ঘর বা প্রাঙ্গণে সাজিয়ে রাখলে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়।

উদ্যোক্তা নূরুন্নবী বলেন, হস্তশিল্পের সকল পণ্য শতভাগ পরিবেশবান্ধব। দেশ ও দেশের বাইরের সচেতন ক্রেতাদের উচিত পরিবেশ রক্ষা এবং দেশীয় ঐতিহ্য ধরে রাখতে এসব পণ্য ক্রয় করা। এতে গ্রামীণ কারিগরদের কর্মসংস্থান যেমন বাড়বে, তেমনি দেশীয় সংস্কৃতিও বিশ্বদরবারে সমৃদ্ধ হবে।

টাঙ্গাইল জেলা ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক)-এর কর্মকর্তা শাহনাজ বেগম এ বিষয়ে বলেন, জেলার ঐতিহ্যবাহী বাঁশ-বেত শিল্পের সম্প্রসারণে বিসিকের পক্ষ থেকে সার্বিক পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে সহযোগিতা দেওয়া হচ্ছে। পরিবেশবান্ধব পণ্যের প্রতি মানুষের ক্রমবর্ধমান আগ্রহ টাঙ্গাইলের এই শিল্পে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করছে।

জেএইচআর

Link copied!