ঝালকাঠি প্রতিনিধি
এপ্রিল ৯, ২০২৬, ০৫:৩৩ পিএম
‘মনন মেধা ও গুণে কন্যা, আত্মবিশ্বাসে অনন্যা’ এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠি পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে ‘অনন্যা ঝালকাঠি ২০২৬’ প্রতিযোগিতা।
বৃহস্পতিবার সকালে ঝালকাঠিতে আয়োজিত এই অডিশন রাউন্ডের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। প্রথাগত সৌন্দর্য প্রতিযোগিতার বাইরে এটি মূলত নারীর নেতৃত্বগুণ, মেধা এবং সামাজিক মূল্যবোধ বিকাশের একটি ব্যতিক্রমী প্ল্যাটফর্ম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অনন্যা ঝালকাঠি কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি তরুণীদের মেধা ও আত্মবিশ্বাস প্রকাশের শক্তিশালী মাধ্যম। এখানে মেয়েদের ব্যক্তিত্ব ও সামাজিক দায়িত্ববোধকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যা সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম ও সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ূন কবীর। আমন্ত্রিত অতিথিরা জানান, প্রতিযোগীদের শুদ্ধ উচ্চারণে কথা বলা, উপস্থাপন দক্ষতা, একাডেমিক ফলাফল, ধর্মীয় জ্ঞান এবং সৃজনশীল প্রতিভাকে মূল্যায়নের মানদণ্ড হিসেবে ধরা হয়েছে। এছাড়া আবৃত্তি, নৃত্য, গান ও খেলাধুলায় পারদর্শিতাও গুরুত্ব পাবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তরুণীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, এমন প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের মেধা প্রকাশের সুযোগ পেয়ে তারা অনুপ্রাণিত। আয়োজক পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে একটি আধুনিক ও মানবিক পৌরসভা গড়ার লক্ষ্যেই এই প্রতিযোগিতার পরিকল্পনা করা হয়েছে। অডিশন রাউন্ড শেষে চূড়ান্ত পর্বের মাধ্যমে নির্বাচিত করা হবে ‘অনন্যা ঝালকাঠি ২০২৬’।
জেএইচআর