আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ৯, ২০২৬, ০৭:৩১ পিএম
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা।
বৃহস্পতিবার বিকেলে ভোট গণনা শেষে পাওয়া বেসরকারি ফলে এই চিত্র উঠে এসেছে। ১৫০টি কেন্দ্রের মধ্যে ৪০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বাদশা পেয়েছেন ৩৪ হাজার ৩২ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ১৩ হাজার ৮৯৭ ভোট। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার (ফুলকপি প্রতীক) ১০৯ ভোট পেয়ে অনেক পিছিয়ে রয়েছেন।
বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন জানান, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট ৪২ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছে বলে প্রাথমিক তথ্যে জানানো হয়েছে। তবে এই পরিসংখ্যানে পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত করা হয়নি। উল্লেখ্য, এর আগে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ৭১ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছিল।
এই উপনির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৯ হাজার ৯২৩ এবং নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন। ২১টি পৌর ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে ভোটাররা ১৫০টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রশাসনের কঠোর নজরদারিতে দিনভর ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে অবশিষ্ট কেন্দ্রগুলোর ফলাফল গণনার কাজ চলছে।
জেএইচআর