মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২৬, ০২:৪৪ পিএম
বাঙালির চিরায়ত ঐতিহ্য পান্তা-ইলিশ ভোজন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নেত্রকোনার মোহনগঞ্জে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।
মঙ্গলবার (১৪ এপ্রিল) আনন্দ-উৎসবের আবহে সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে নতুন বছরকে বরণ করে নেন।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন ও সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান।
এছাড়াও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম (ভিপি), সাংবাদিক মো: কামরুল ইসলাম রতন, দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি সাংবাদিক আজহারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এই উৎসবে শামিল হন।
উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরের সাধারণ পাঠাগারের সামনে আলী ওসমান শিশু পার্কে দিনব্যাপী লোকজ মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলায় গ্রামীণ ঐতিহ্যের নানা পসরা সাজিয়ে বসেন দোকানিরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা লোকগান ও নৃত্যের মাধ্যমে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরেন।
নববর্ষের আনন্দ ছড়িয়ে দিতে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলাটি দেখার জন্য স্থানীয় ক্রীড়ামোদী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পুরো এলাকা পহেলা বৈশাখের নানা আয়োজনে মুখরিত ছিল, যা সাধারণ মানুষের মাঝে এক উৎসবের আমেজ সৃষ্টি করে।
জেএইচআর