বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২৬, ০৩:১২ পিএম
মৌলভীবাজারের বড়লেখায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক জোটের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। বর্ণিল র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার সকালে বড়লেখা পৌর শহরের বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে কর্মসূচির উদ্বোধন করা হয়। দিবসের প্রধান আকর্ষণ ছিল ‘মঙ্গল শোভাযাত্রা’। শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা বাঙালির ঐতিহ্যবাহী নানা প্রতীক ও সাজে অংশ নেন।
শোভাযাত্রা ছাড়াও দিনব্যাপী আয়োজনে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা এবং হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা। এই আয়োজনগুলো উৎসবের আমেজে এক ভিন্ন মাত্রা যোগ করে। উৎসবে আগত অংশগ্রহণকারীরা বলেন, “পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, যা সব ভেদাভেদ ভুলে নতুন বছরে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা যোগায়।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু এবং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী। তিনি জানান, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্ব বহন করে এবং স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবটিকে সফল করেছে।
জেএইচআর