গাজীপুর প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২৬, ০৫:১৪ পিএম
উৎসাহ-উদ্দীপনা ও ঐতিহ্যের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নিয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।
মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে পুরো ক্যাম্পাস এক রঙিন মিলনমেলায় পরিণত হয়।
দিবসটি উপলক্ষে সকাল ৯টায় উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য বৈশাখী মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি প্রশাসনিক ভবন সংলগ্ন '৩৬শে জুলাই' চত্বর থেকে শুরু হয়ে বৈশাখী চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সকাল ১০টায় উপাচার্য বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং মেলায় স্থাপিত ‘মায়াকুঞ্জ’, ‘ছায়াবিথি’ ও ‘মাটির টান’সহ ১৭টি স্টল পরিদর্শন করেন।
পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ রায়হানের সভাপতিত্বে বৈশাখী চত্বরে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “বাংলা নববর্ষ কেবল একটি দিন নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐক্যের প্রতীক। নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতি শতভাগ ধারণ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। এছাড়াও রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম ও পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. মো. মসিউল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা নৃত্য ও সংগীতের মাধ্যমে লোকজ সংস্কৃতি তুলে ধরেন। বিশেষ করে শিশুদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। দিবসটি উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঁধন’ গাকৃবি শাখার পক্ষ থেকে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়। সব মিলিয়ে এক আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন বছরকে স্বাগত জানানো হয়।
জেএইচআর