চাঁদপুর প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২৬, ০২:১৬ পিএম
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ২২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
আটককৃতদের মধ্যে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এছাড়া একজন অসুস্থ থাকায় তাকে আর্থিক জরিমানা এবং বাকি ৬ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।
মৎস্য বিভাগ জানায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সদর উপজেলার অভয়াশ্রম এলাকায় মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ-পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়। সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত চলা এই অভিযানে ২২ জেলেকে আটক করার পাশাপাশি পাঁচটি মশারী জাল ও পাঁচটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- মো. ইউনুস, শামীম পাটোয়ারী, রিপন খান, হোসাইন হাওলাদার, মো. রাকিব, আব্দুল করিম, ঈমান হাওলাদার, দুধু মাঝি, মো. আনসার খান, দলিল মিজি, শাহীন হাওলাদার, হাসান হাওলাদার, হাবিব জমাদার, আবুল কাশেম ও হারুন জামাদার। আটককৃতদের বাড়ি চাঁদপুর সদরের বিভিন্ন ইউনিয়ন ও শহরের পুরান বাজার এলাকায়।
আদালতের রায়ে এক জেলেকে ৩ মাস, ৩ জনকে ২১ দিন এবং ১০ জনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া দণ্ডপ্রাপ্তদের অনেককে কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন বিরোধী এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
জেএইচআর