মাদারীপুর প্রতিনিধি
এপ্রিল ১৮, ২০২৬, ১১:৩৯ এএম
মাদারীপুর সদর উপজেলার হাউসদি বাজারে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ৬টি স্বর্ণের দোকান থেকে কয়েক কোটি টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
শনিবার ভোররাতে বাজারের স্বর্ণকার পট্টিতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় এক পাহারাদার গুরুতর আহত হয়েছেন।
ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে ব্যবসায়ীরা বাড়ি চলে যান। শনিবার ভোররাতে একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত বাজারে প্রবেশ করে। তারা প্রথমে বাজারের পাহারাদারকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে এবং মারধর করে বেঁধে রাখে।
এরপর ডাকাত চক্রটি একে একে ৬টি দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে 'নিউ প্রিয়াংকা জুয়েলার্স' থেকে লুটতরাজ শুরু করে এবং পর্যায়ক্রমে পাশের আরও ৫টি স্বর্ণের দোকানে তাণ্ডব চালায়। ব্যবসায়ীদের দাবি, আলমারি ও ড্রয়ার ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের পাশাপাশি ডাকাতরা দোকানের ভারী সিন্দুকও তুলে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের ধারণা, সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে।
খবর পেয়ে শনিবার সকালে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, স্বর্ণের দোকানগুলো থেকে বিপুল পরিমাণ মালামাল খোয়া যাওয়ার বিষয়টি আমরা গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। অপরাধীদের শনাক্ত করতে ইতোমধ্যে পুলিশ কাজ শুরু করেছে। এই চক্রটিকে দ্রুত আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, জনবহুল এই বাজারে এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দ্রুত লুণ্ঠিত মালামাল উদ্ধার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বাজার ব্যবসায়ী সমিতি।
জেএইচআর