সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
এপ্রিল ১৯, ২০২৬, ০৭:০৬ পিএম
কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোরচক্রের ৯ সদস্যকে গ্রেপ্তারের তথ্য জানাতে প্রেস কনফারেন্স করেছে জেলা পুলিশ।
রোববার বিকেল ৫টায় অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পিপিএম জানান, গত ডিসেম্বর-জানুয়ারিতে সদর এলাকার বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় মামলা হলে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রের সদস্যদের শনাক্ত করা হয়।
পরে গোপন তদন্তের ভিত্তিতে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে দু’জনকে একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। তাদের তথ্য অনুযায়ী লালমনিরহাট, উলিপুর, নাগেশ্বরী ও ফুলবাড়ীসহ বিভিন্ন এলাকা থেকে আরও ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি করে ভুয়া কাগজপত্র তৈরি করে বেশি দামে বিক্রি করত বলে জানায় পুলিশ। এদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
উদ্ধার হওয়া ১০টি মোটরসাইকেলের মধ্যে ২টির মালিক শনাক্ত করে হস্তান্তর করা হয়েছে, একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে রয়েছে এবং বাকি ৭টির মালিকানা যাচাই চলছে।
এ ঘটনায় কুড়িগ্রাম, লালমনিরহাট ও রাজারহাট থানায় মোট ৪টি মামলা দায়ের হয়েছে।
পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পিপিএম জানান, চোরচক্র দমনে অভিযান অব্যাহত থাকবে এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এএন