এম এ রহমান, যশোর
এপ্রিল ২৬, ২০২৬, ০৪:১৮ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে উন্নয়ন প্রত্যাশায় নতুন করে স্বপ্ন দেখছে যশোরবাসী। আগামীকাল সোমবার তিনি যশোরে আসছেন। তাকে বরণ করে নিতে নানা আয়োজনে ব্যস্ত সময় পার করছে যশোর জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলোসহ যশোরস্থ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট।
প্রধানমন্ত্রীর এই আগমন ও জনসভা নিরাপদ, নির্বিঘ্ন ও সফল করতে আসা-যাওয়ার পথে নিশ্ছিদ্র নিরাপত্তাসহ কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হয়েছে অনুষ্ঠানস্থলগুলো।
এদিকে, প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে যশোর শহরে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে লক্ষ্য নির্ধারণ করেছে জেলা বিএনপি। এ কারণে বিএনপির দলীয় প্রস্তুতিও শেষ। জনসভা ঘিরে বাস, প্রাইভেট, মাইক্রো ও মোটরসাইকেল মিলিয়ে প্রায় ৫ হাজার যানবাহন আসবে। এজন্য ইতোমধ্যে ১০টি পার্কিং স্পট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এমপি, মন্ত্রী ও ভিআইপিদের জন্য আলাদা পার্কিংয়ের ব্যবস্থাও থাকবে।
বিএনপি নেতারা বলছেন, সরকার প্রধানের আগমনের এই দিন যশোর উৎসবের শহরে পরিণত হবে। শহরে ও শহরতলিতে, গ্রাম পর্যায়েও চলছে মাইকিং। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আশায় বুক বেঁধেছেন যশোরবাসী। এই সফরের মাধ্যমে যশোরসহ এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটবে—এমনটাই আশা সবার। নানা প্রত্যাশা ও দাবি-দাওয়া বাস্তবায়নে প্রতিশ্রুতি দিয়ে উন্নয়ন ও দিনবদলের নেতৃত্ব দেবেন বলে প্রধানমন্ত্রীর প্রতি আশাবাদী এ অঞ্চলের গণমানুষ।
প্রধানমন্ত্রী যশোরে পৌঁছাবেন সকাল ১০টা ১৫ মিনিটে। এরপর বেলা ১১টা ৪৫ মিনিটে সফরের শুরুতে শার্শার উলাশীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘জিয়া খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। পরে অনুষ্ঠানস্থলে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেবেন। এরপর দুপুর ১টা ১৫ মিনিটে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে দুপুর ১টা ৩৫ মিনিটে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন।
স্থানীয়দের ভাষ্যমতে, বেনাপোল-ঢাকা রুটে নতুন একটি ট্রেন চালু, যশোর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা, বেনাপোল-যশোর-নড়াইল মহাসড়ক ৬ লেনে উন্নীত করা, যশোরে আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ, যশোর জেনারেল হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ সুবিধা ও কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন, যশোর বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর দাবি দীর্ঘদিনের।
এছাড়া বিকেল ৩টা ৩০ মিনিটে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন বলে জানা গেছে।
এএন