আমার সংবাদ ডেস্ক
মে ১, ২০২৬, ০২:২৭ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১৯৭১ সালের জামায়াত এবং বর্তমান জামায়াত একই সংগঠন নয়। সময়ের প্রয়োজনে দলটির গঠনতন্ত্র একাধিকবার পরিবর্তন করা হয়েছে।
শুক্রবার কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার আয়োজিত এক শ্রমিক সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান গঠনতন্ত্রের ভূমিকায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সংগ্রামকে শ্রদ্ধার সঙ্গে স্বীকৃতি দেওয়া হয়েছে।
পুরোনো বিতর্ককে ইচ্ছাকৃতভাবে টিকিয়ে রাখা হচ্ছে দাবি করে মিয়া গোলাম পরওয়ার বলেন, এটি দেশপ্রেমের প্রকাশ নয়; বরং দেশকে বিভক্ত করার একটি বিদেশি ষড়যন্ত্রের অংশ। তার মতে, দেশের স্বার্থে এসব বিতর্কের দ্রুত অবসান হওয়া জরুরি এবং একটি ঐক্যবদ্ধ জাতি গঠন প্রয়োজন।
তিনি আরও বলেন, জামায়াতের আমিরের বক্তব্য অনুযায়ী শুধু ইতিহাস নিয়ে পড়ে থাকলে ইতিহাস গড়া যায় না। তিনি উদাহরণ টেনে বলেন, স্বাধীনতার পর জন্ম নেওয়া অনেক তরুণ এখন সংসদে রয়েছেন, তাই অতীত পরিচয়ের ভিত্তিতে কাউকে স্বাধীনতাবিরোধী হিসেবে চিহ্নিত করা ঠিক নয়-এ ধরনের বক্তব্যে সাধারণ মানুষও বিভ্রান্ত হয় বলে তিনি মন্তব্য করেন।
এম জি