দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
মে ২, ২০২৬, ০৭:৩৪ পিএম
পটুয়াখালীর দুমকিতে কালবৈশাখী ঝড়ের আকস্মিক তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান। গাছ উপড়ে পড়ে দোকানঘর চুরমার হয়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার ওপর দিয়ে তীব্র বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের তাণ্ডবে হাসপাতাল সড়কে অবস্থিত একটি বিশাল ‘চাম্বল’ গাছ শিকড়সহ উপড়ে পড়ে। গাছটি সরাসরি পাশের দুটি দোকানের ওপর আছড়ে পড়লে দোকানঘর দুটি পুরোপুরি বিধ্বস্ত হয়।
ক্ষতিগ্রস্ত মুদি দোকানি সৈয়দ নিজাম এবং ব্যবসায়ী সৈয়দ আবুল কাসেম জানান, দোকানের ফ্রিজসহ ভেতরে থাকা মূল্যবান সব মালামাল নষ্ট হয়ে গেছে। তবে ঝড়ের আভাস পেয়ে আগেভাগেই দোকান তালাবদ্ধ করে তাঁরা নিরাপদ স্থানে চলে যাওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। দোকান হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছেন বলে জানান তাঁরা।
একই সময়ে উপজেলার আংগারিয়া ইউনিয়নের কদমতলা বাজারেও ঝড়ের তাণ্ডব লক্ষ্য করা গেছে। সেখানেও গাছ উপড়ে একটি দোকানঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে সেখানেও কেউ হতাহত হয়নি বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, উপড়ে পড়া গাছ সরিয়ে সংযোগ সচল করার কাজ দ্রুত শুরু করা হয়েছে।
সার্বিক ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের কাছে দ্রুত সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
জেএইচআর