কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
মে ৫, ২০২৬, ০৪:৩৯ পিএম
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ভাওয়াল চাঁদপুর এলাকায় একাধিক ফসলি জমির ধান কেটে দিয়েছেন গাজীপুর-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত মাননীয় সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইয়ুবী।
এলাকায় অতিবৃষ্টির কারণে ফসলি জমির ধান পানিতে ডুবে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগ লাঘবের কথা চিন্তা করে তিনি মঙ্গলবার নিজে এবং তার দলীয় কর্মীদের নিয়ে উপজেলার চাঁদপুর নলি বিলের একাধিক কৃষকের ধান কেটে দেন।
এমপির ধান কাটা দেখে ওই এলাকার নবীন-প্রবীণ কৃষকরাও তাকে সহায়তা করতে ধান কাটায় অংশ নেন। এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ও নারী-পুরুষ ওই দৃশ্য দেখার জন্য ভিড় জমায়। এমপির এমন কাজ দেখে স্থানীয় কৃষকরা অবাক হয়ে যান।
স্থানীয় একাধিক কৃষক জানান, জনপ্রতিনিধিদের এমন উদ্যোগ ব্যতিক্রমী। তিনি মাঠে উপস্থিত হয়ে কৃষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। তার এই মানবিক উদ্যোগে কৃষকদের মধ্যে এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা ছড়িয়ে পড়ে।
সালাহউদ্দিন এমপি এ সময় বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি মানবিক ও নৈতিক কর্তব্য।” তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়। মানুষের কল্যাণ, সেবা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, তাদের দুর্দিনে একজন জনপ্রতিনিধিকে এভাবে মাঠে নেমে পাশে পাওয়া বিরল ঘটনা। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
এএন