আমার সংবাদ ডেস্ক
মে ১১, ২০২৬, ০১:৫২ এএম
জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি মামলায় এক বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি হারুনুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১০ মে) দুপুরে জামালপুর পৌর শহরের সরদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে নিজের ব্যবসা সম্প্রসারণের জন্য এরশাদ আলী নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৭৬ লাখ টাকা ধার নেন হারুনুর রশীদ। নির্ধারিত সময়ে টাকা ফেরত চাইলে তিনি তা পরিশোধ করেননি।
পরে এ ঘটনায় এরশাদ আলী জামালপুর আদালতে হারুনুর রশীদের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে আদালত হারুনুর রশীদের অনুপস্থিতিতে ৭৬ লাখ টাকা পরিশোধ এবং এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে তাকে গ্রেপ্তারের জন্য মেলান্দহ থানার পুলিশকে নির্দেশ দেওয়া হয়।
আদালতের নির্দেশের পর রোববার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জামালপুর পৌর শহরের সরদারপাড়া এলাকা থেকে হারুনুর রশীদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে মেলান্দহ থানায় নেওয়া হয়।
মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে হারুনুর রশীদকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে সংশ্লিষ্ট আদালতে হাজির করা হবে।
এম জি