আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
মে ১৪, ২০২৬, ০৭:০৫ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌর ভূমি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন (৫৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে মদনপুর-নরসিংদী আঞ্চলিক মহাসড়কের মীরের টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক ও অফিস সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন প্রতিদিনের মতো সকালে নারায়ণগঞ্জের জালকুড়িস্থ নিজ বাসা থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল আড়াইহাজারে আসছিলেন। সকাল পৌনে ৯টার দিকে মীরের টেক এলাকায় পৌঁছালে একটি ট্রাক-লরি তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সহকর্মীর নিহতের সংবাদ পেয়ে আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।
আনোয়ার হোসেনের এই অকাল মৃত্যুতে আড়াইহাজার ভূমি অফিসসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
জেএইচআর