আমার সংবাদ ডেস্ক
মে ১৫, ২০২৬, ১১:১৮ পিএম
নিজ ভাই হত্যার বিচার এবং জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের প্রতি ইনসাফ করা না হলে দেশে আবারও জুলাইয়ের মতো আন্দোলন নেমে আসবে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ব্যক্তিগত স্ট্যাটাসে তিনি এই হুঁশিয়ারি দেন।
মাসুমা হাদি অভিযোগ করেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার ভাই হত্যার সুষ্ঠু বিচার এখনো নিশ্চিত করা যায়নি। একই সাথে জুলাই আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন, তাদের পরিবারও এখনো আশানুরূপ ন্যায়বিচার থেকে বঞ্চিত রয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর বিমান অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
পরবর্তীতে হাদির মরদেহ দেশে আনা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির সন্নিকটে তাকে রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদায় দাফন করা হয়।
জেএইচআর