আমার সংবাদ ডেস্ক
মে ১৮, ২০২৬, ০২:২৪ পিএম
ডিজিটাল যোগাযোগের মাধ্যমে গড়ে ওঠা এক পরিচয়ের সূত্র ধরে বাংলাদেশে এসেছেন এক চীনা যুবক। কিশোরগঞ্জের ইটনা উপজেলায় তাঁর আগমনের পর স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। ঐ চীনা যুবক নিজেকে পুলিশ সদস্য হিসেবে দাবি করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অনলাইন যোগাযোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে একটি সম্পর্কের সূত্রপাত হয়, যা পরবর্তীতে ব্যক্তিগত পর্যায়ে গড়ায়। সেই সম্পর্কের টানেই সম্প্রতি ওই বিদেশি যুবক বাংলাদেশে আসেন বলে জানা গেছে।
সোমবার ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের একটি এলাকায় তাঁর অবস্থানের খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ তাঁকে দেখতে ভিড় করতে থাকেন। এলাকায় বিষয়টি নিয়ে নানা আলোচনা ও গুঞ্জনও চলছে।
স্থানীয়রা জানান, বিদেশি ওই যুবকের উপস্থিতি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ বিষয়টিকে সাধারণ দেখা হিসেবে দেখছেন, আবার কেউ ভবিষ্যৎ সামাজিক ও পারিবারিক দিক নিয়ে প্রশ্ন তুলছেন।
এদিকে সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে বিষয়টি স্থানীয় পর্যায়ে অবহিত করা হয়েছে বলে জানা গেছে। তারা বলছেন, পরিস্থিতি স্বাভাবিকভাবে সামাল দিতে এবং ভবিষ্যৎ জটিলতা এড়াতে প্রয়োজনীয় যোগাযোগ করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে যথাযথ আইনগত ও প্রশাসনিক সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় পুরো এলাকায় এখনো উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
এএন