ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কুমিল্লায় নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি কার্যক্রম পরিদর্শনে সিটি কর্পোরেশনের প্রশাসক

জহিরুল হক রাসেল, কুমিল্লা

জহিরুল হক রাসেল, কুমিল্লা

মে ১৯, ২০২৬, ০৯:৪৮ পিএম

কুমিল্লায় নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি কার্যক্রম পরিদর্শনে সিটি কর্পোরেশনের প্রশাসক

কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন ওয়ার্ড ও শিক্ষা প্রতিষ্ঠানে টেকসই ও নিরাপদ পানি ব্যবস্থাপনা কার্যক্রম চলছে। এরই অংশ হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে স্থাপিত নিরাপদ খাবার পানির ব্যবস্থা পরিদর্শন করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। পরিদর্শন শেষে স্কুল প্রাঙ্গণে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রকল্পের আওতায় স্বল্প আয়ের মানুষের বসবাসকারী এলাকা এবং বিভিন্ন স্কুলে নিরাপদ পানির ব্যবস্থা করার পাশাপাশি পানির অপচয় রোধে ইমাম, খতিব ও শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। কুমিল্লায় ২০২৪ সাল থেকে ওসাপের এই নিরাপদ পানি সরবরাহের কাজ চলমান রয়েছে।

অনুষ্ঠানের শুরুতে ওসাপের ডিজিটাল স্পেশালিস্ট আমিনুল ইসলাম সোহান প্রকল্পের সংক্ষিপ্ত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এরপর নিম্ন আয়ের কমিউনিটির প্রতিনিধিরা নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি চর্চায় সামাজিক ও নৈতিক দায়িত্বের বিষয়টি উল্লেখ করেন।

প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, বিদ্যালয়ভিত্তিক নিরাপদ পানি ও হাত ধোয়ার সুবিধা শিশুদের সুস্থতা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি এ ধরনের জনকল্যাণমুখী উদ্যোগকে আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মাঈনুদ্দিন চিশতী বলেন, কুমিল্লাতে ওয়াসা কার্যক্রম বাস্তবায়িত হতে যাচ্ছে। একটি পরিষ্কার ও পরিচ্ছন্ন শহর গড়তে তিনি নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন। প্রকল্পের প্রজেক্ট ফোকাল মোহাম্মদ ইউসুফ ওসাপের কাজের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, প্রশাসকের নেতৃত্বে এই কার্যক্রম আরও বেগবান হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়াশ লিড আবদুল্লাহ আল মামুন, যিনি প্রকল্পের উদ্দেশ্য, বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন।

ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা মোছা. আয়েশা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ জালাল, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মাসুদ রানা, মডার্ন হাই স্কুলের সভাপতি নিজাম উদ্দিন কায়সারসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

ওসাপ বাংলাদেশের ম্যানেজার (ফিল্ড অপারেশন) মোহাম্মদ খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ওয়াশ ইঞ্জিনিয়ার জিকরুল, ট্রেনিং অফিসার কেয়া অধিকারী, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার মশিউর ও মতিয়ার এবং কমিউনিটি ভলেন্টিয়ার আইরিন, তানজিনা ও শাহরিয়ারসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

জেএইচআর

Link copied!