সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
মে ২৩, ২০২৬, ০৮:১০ পিএম
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) উদ্যোগে কুড়িগ্রামে গ্রাসরুট ফুটবল ডে ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে দিনব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. নাজির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাশেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তাসভীর উল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবু এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডেভেলপমেন্ট কমিটির সদস্য সামিদ কাশেম।
গ্রাসরুট ফুটবল ডে উপলক্ষে জেলার ৯টি উপজেলার মোট ১৬৫ জন ক্ষুদে ফুটবলার দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে অংশ নেয়। পরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী ক্ষুদে ফুটবলারদের মাঝে সনদ বিতরণ করেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি।
সমাপনী বক্তব্যে অতিথিরা বলেন, তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশ এবং নতুন খেলোয়াড় বা প্রতিভা খুঁজে বের করতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্ষুদে খেলোয়াড়দের এই উৎসাহ ও অংশগ্রহণ ভবিষ্যতে দেশের ফুটবল অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
জেএইচআর