মশিউর রহমান বাবলু, পটুয়াখালী
মে ২৪, ২০২৬, ০২:৪৭ পিএম
সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামীম নূর ইসলামের নেতৃত্বে পটুয়াখালী পৌর শহরের বি-টাইপ বাজার সংলগ্ন রাস্তার পাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উচ্ছেদকারী দল দখলদারদের তোপের মুখে পড়ে এবং তারা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে স্ক্যাভেটর মেশিন দিয়ে অর্ধশতাধিক দোকানপাট ও ৪টি অবৈধ ঘর গুঁড়িয়ে দিয়ে গণপূর্ত বিভাগের জমি, পুকুরসহ জলাশয় পুনরুদ্ধার করা হয়।
গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারি সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণ করে বসবাস ও ব্যবসা করে আসছিল একদল দখলদার। পাশাপাশি তারা সরকারি পুকুর ও ৪টি জলাশয় দখল করে মাছ চাষ করে আসছিল।
গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী অসীম চন্দ্র স্বর্ণকার বলেন, দীর্ঘদিন সরকারি জায়গা ছেড়ে যেতে বললেও অবৈধ দখলদাররা যায়নি। গত বৃহস্পতিবার তাদের সরাসরি নির্দেশনা দিয়ে সরে যেতে বলা হলেও তারা না যাওয়ায় উচ্ছেদ অভিযান চালিয়ে জমি পুনরুদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ওই এলাকায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রায় ৫০ বছর আগে আবাসিক এলাকা গড়ে ওঠে, যা বি-টাইপ কোয়ার্টার এলাকা নামে পরিচিত। কোয়ার্টারের বাসিন্দা ও স্থানীয় মুসল্লিদের জন্য একটি মসজিদ নির্মাণ করা হয়, যা বি-টাইপ মসজিদ নামে পরিচিত।
স্থানীয় কিছু লোক মসজিদের নাম ব্যবহার করে মসজিদের সামনে অবৈধ স্থাপনা তৈরি করে ভাড়া দিয়ে আসছেন। এছাড়া সরকারি পুকুর, জলাশয় ও ধানক্ষেত দখল করে বর্গাচাষিদের দিয়ে অর্থ আদায় করা হচ্ছিল। এমনকি সরকারি জলাশয়ের ওপর মিনি চাইনিজ রেস্টুরেন্ট তৈরি করে নিচে মাছ চাষও করা হচ্ছিল।
আজ সরকারি পুকুর ও জলাশয়গুলো উদ্ধার করে সেখানে মাছ ছাড়া হয়েছে বলেও জানান তিনি।
এসব দখলকারীদের বিরুদ্ধে বি-টাইপ মসজিদ সংলগ্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নির্মাণাধীন এনএসআই ভবনের বিপরীতে বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটির পাশে তিনটি ঘর নির্মাণের অভিযোগও রয়েছে।
এছাড়া এর আগেও সরকারি জমির মাটি কেটে নেওয়ার ঘটনায় সদর থানায় গণপূর্ত বিভাগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
এএন