বাগেরহাট প্রতিনিধি
মে ২৬, ২০২৬, ০৮:৩২ পিএম
বিশ্ব ঐতিহ্য বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে এবারও ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিদের উপচে পড়া ভিড় বিবেচনায় রেখে এখানে পর্যায়ক্রমে ৩টি জামাত অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, যেখানে ইমামতি করবেন খানজাহান (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. খালিদ। এরপর দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে এবং এতে ইমামতি করবেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও খতিব মো. নাসির উদ্দিন। সর্বশেষ ও তৃতীয় জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ৯টায়, এতে ইমামতি করবেন বায়তুশ শরফ এতিমখানা ও মাদরাসার সুপার হাফেজ মাওলানা মো. এনামুল হক।
বাগেরহাটের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান মো. যায়েদ জানান, ষাটগম্বুজ মসজিদে তিনটি জামাতে মোট প্রায় ছয় হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের ভেতরে একসঙ্গে দেড় হাজার এবং বাইরে ৫ শতাধিক মানুষের নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
প্রধান এই জামাতকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঈদ উপলক্ষে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়েছে। পাশাপাশি পুরো এলাকা রঙিন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে, যা রাতে এক দৃষ্টিনন্দন আবহের সৃষ্টি করছে।
ষাটগম্বুজ মসজিদ ছাড়াও বাগেরহাট জেলা শহর ও উপজেলা সদরের বেশিরভাগ প্রধান মসজিদে সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদ, আলীয়া মাদরাসা জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ, হরিণখানা জামে মসজিদ, সরকারি পিসি কলেজ জামে মসজিদ, খানজাহান আলী (রহ.) এর মাজার-দরগাহ জামে মসজিদ, নাগের বাজার হাজী আরিফ জামে মসজিদ এবং সড়ক ও জনপথ জামে মসজিদ।
এদিকে ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা ও ‘ঈদ মোবারক’ খচিত পতাকা উত্তোলন করা হবে। ঈদের দিন সরকারি হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার, শিশু বিকাশ কেন্দ্র ও এতিমখানাগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
এছাড়া বিনোদনপ্রেমীদের জন্য ঈদের দিন বিনামূলকিটে দর্শনীয় স্থানগুলোতে প্রবেশের সুযোগ রাখা হয়েছে। জেলা প্রশাসক সবাইকে নির্দিষ্ট নিয়ম মেনে পশু কোরবানি, চামড়া সংরক্ষণ এবং দ্রুততম সময়ে পশুর বর্জ্য পরিষ্কার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
জেএইচআর