স্পোর্টস ডেস্ক
জুলাই ১২, ২০২৬, ১২:৩৬ এএম
ফিফা র্যাঙ্কিংয়ে আরও এক ধাপ অবনমন হয়েছে আর্জেন্টিনার। ফ্রান্সের কাছে শীর্ষস্থান হারানোর পর এবার স্পেনের কাছে দুই নম্বর স্থানও হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। বেলজিয়ামকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করায় স্পেন আর্জেন্টিনাকে পেছনে ফেলে র্যাঙ্কিংয়ের দুই নম্বরে উঠে এসেছে। ফলে আর্জেন্টিনা নেমে গেছে তিন নম্বরে।
বর্তমান লাইভ ফিফা র্যাঙ্কিং অনুযায়ী, ফ্রান্সের সংগ্রহ ১৯৪৮.৯৭ পয়েন্ট। দুইয়ে থাকা স্পেনের পয়েন্ট ১৯৩৪.৭৯। তিনে নেমে যাওয়া আর্জেন্টিনার পয়েন্ট ১৯২৫.১৫। এই তিন দলই ১৯০০-এর বেশি পয়েন্ট নিয়ে শীর্ষ তিনে রয়েছে। এরপর ১৮৭১.৩৯ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের অবস্থান চারে। বিশ্বকাপ থেকে হতাশ করে বিদায় নেওয়া ব্রাজিলের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। ৬ নম্বর থেকে তারা উঠে এসেছে পাঁচে। তাদের পয়েন্ট ১৮০৪.৯২।
বিশ্বকাপ চলাকালীন প্রতিটি ম্যাচের ফলাফলের ভিত্তিতে এই র্যাঙ্কিং হালনাগাদ হচ্ছে। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে এই অবস্থান আবারও পরিবর্তিত হতে পারে। কারণ শীর্ষ তিন দলই এখনও শিরোপার দৌড়ে রয়েছে।
পরিসংখ্যানের দিক থেকে শীর্ষস্থান হারানো অবশ্যই হতাশার। তবে ফুটবলে একটি কৌতূহলোদ্দীপক কুসংস্কারও রয়েছে। বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত কোনো দলই ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বর দল হিসেবে টুর্নামেন্ট শুরু করে শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি।
বিশ্বকাপের আগে সর্বশেষ ফিফা আন্তর্জাতিক বিরতির পর আর্জেন্টিনা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল। সে সময় ফ্রান্স প্রীতি ম্যাচে আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরে যায় এবং স্পেন ইরাকের সঙ্গে ১-১ গোলে ড্র করে। এই ফলের কারণে দুই দলই গুরুত্বপূর্ণ রেটিং পয়েন্ট হারায়।
অন্যদিকে আর্জেন্টিনা প্রস্তুতি ম্যাচে হন্ডুরাস ও আইসল্যান্ডকে হারিয়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করে এবং বিশ্বকাপ শুরুর আগে এক নম্বর দল হিসেবে টুর্নামেন্টে প্রবেশ করে। এখন পরিস্থিতি বদলে গেছে। ফ্রান্স আবারও র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে। স্পেন দুইয়ে এবং আর্জেন্টিনা নেমে গেছে তিন নম্বরে।
জেএইচআর