আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
জুন ১৪, ২০২৬, ০১:৪১ পিএম
চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক বিরোধের জের ধরে ঘরে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে পাঁচ বছর বয়সী এক শিশুসন্তান।
শনিবার মধ্যরাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি গ্রামের বড়ুয়াপাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত তেজপ্রিয় বড়ুয়া পালিয়ে গেলেও জিজ্ঞাসাবাদের জন্য তার ভাইকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন ওই এলাকার বাসিন্দা সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। আহত শিশু পিয়াস বড়ুয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
পুলিশ সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে সুজন বড়ুয়ার পরিবারে নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরেই রাত সাড়ে ১১টার দিকে বসতঘরে ঢুকে মা, মেয়ে ও শিশুর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় অভিযুক্ত তেজপ্রিয় বড়ুয়া।
প্রতিবেশী সুরভী বড়ুয়া বলেন, রাতে চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। গিয়ে দেখা যায়, ঘরের দরজার সামনে এনি বড়ুয়া ও তার ছেলে পিয়াস রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ঘরের ভেতরে দেখা যায় শিশু প্রিয়ন্তী বড়ুয়ার রক্তাক্ত দেহ। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে এনি বড়ুয়া ঘটনাস্থলেই মারা যান।
সুজন বড়ুয়া বলেন, প্রতিবেশী তেজপ্রিয় বড়ুয়ার সঙ্গে তার আর্থিক লেনদেন ছিল। তার ধারণা, ওই লেনদেন সংক্রান্ত কাগজপত্রের খোঁজে ঘরে ঢুকে হামলা চালানো হয়েছে। তার দাবি, মৃত্যুর আগে তার স্ত্রী হামলাকারী হিসেবে তেজপ্রিয় বড়ুয়ার নাম বলেছেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, দুর্বৃত্তদের হামলায় মা ও মেয়ে নিহত হয়েছেন এবং এক শিশু আহত হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
এএন