আমার সংবাদ ডেস্ক
জুন ১৪, ২০২৬, ০২:৩৫ পিএম
ইসলামী ব্যাংকের শীর্ষ নেতৃত্বে আকস্মিক পরিবর্তন এবং নতুন চেয়ারম্যান হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমের নিয়োগের পর ব্যাংকটিতে তীব্র আস্থাহীনতা তৈরি হয়েছে। এর জেরে সাধারণ গ্রাহকরা মাত্র এক সপ্তাহে প্রায় ৫ হাজার কোটি টাকা তুলে নিলে বড় ধরনের তারল্য সংকটে পড়ে দেশের বৃহত্তম এই বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে টাকা ছাপিয়ে ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সহায়তার এই বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই সহায়তার অংশ হিসেবে ব্যাংকটিকে সরাসরি ২ হাজার কোটি টাকা নগদ দেওয়া হয়েছে। এছাড়া আন্তঃব্যাংক লেনদেনের রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সেবা সচল রাখতে বাকি ৫০০ কোটি টাকার জোগান দেওয়া হয়েছে।
টানা আমানত প্রত্যাহারের চাপে ব্যাংকটির দৈনিক ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) এবং কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষিত চলতি হিসাবের (কারেন্ট অ্যাকাউন্ট) ব্যালেন্স মারাত্মকভাবে কমে যায়। এমন পরিস্থিতিতে ব্যাংকটির স্বাভাবিক লেনদেন সচল রাখতে ও গ্রাহকদের আস্থা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংক এই বিশেষ পদক্ষেপ নিল।
এএন