আন্তর্জাতিক ডেস্ক
জুন ১৪, ২০২৬, ০২:২৯ পিএম
প্রতিবেশী এক যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে থানার ভেতরে পুলিশের সামনেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করেছেন বাবা-মা। ভারতের উত্তরপ্রদেশের বন্দা বিভাগে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।
নিহত ১৯ বছর বয়সী তরুণীর নাম শিবানি। তিনি গত ১৮ মে প্রতিবেশী ললিত ভার্মার সঙ্গে পালিয়ে গিয়ে একটি মন্দিরে বিয়ে ও রেজিস্ট্রি করেন। তবে মেয়ের পরিবার এই বিয়ে মেনে না নিয়ে জামাতার বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করে।
গত শুক্রবার পুলিশ মধ্যপ্রদেশ থেকে এই দম্পতিকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য বন্দা থানায় নিয়ে আসে। সেখানে তাঁরা স্বেচ্ছায় বিয়ের প্রমাণপত্র জমা দেন। পুলিশ যখন তরুণীর জবানবন্দি নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন তাঁর বাবা-মা থানায় হাজির হন।
পরিবারের সদস্যরা মেয়েকে বাড়িতে ফিরে যাওয়ার অনুরোধ করলেও তিনি স্বামীর সঙ্গে থাকার সিদ্ধান্তে অটল থাকেন। একপর্যায়ে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হলে মেয়ের মা পেছন থেকে তাঁকে চেপে ধরেন এবং বাবা ছুরি দিয়ে শরীরে এলোপাতাড়ি আঘাত করেন।
রক্তাক্ত অবস্থায় তরুণীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে নিহত তরুণীর বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্র: এনডিটিভি
জেএইচআর