আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
জুন ১৪, ২০২৬, ০৩:০২ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টার অভিযোগে মাজারুল ইসলাম সবুজ (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে গৃহবধূকে নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের মাজারুল ইসলাম সবুজের সঙ্গে ১২ বছর আগে ব্রাহ্মন্দী ইউনিয়নের মধ্যপাড়া এলাকার তানিয়ার (২৬) বিয়ে হয়। তাঁদের দুটি সন্তান রয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, সবুজ দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত। সম্প্রতি তিনি নিজের ও তাঁর মায়ের বেতনের প্রায় ৭০ হাজার টাকা জুয়ায় হেরে স্ত্রীর কাছে নতুন করে টাকা দাবি করেন।
তানিয়া জানান, গত ৯ জুন সন্ধ্যায় জুয়া খেলায় বাধা দিলে সবুজ তাঁকে মারধর করে বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দেওয়ার শর্তে তাড়িয়ে দেন। পরে ১৩ জুন সকালে ফোনে আবারও টাকা দাবি করেন তিনি। টাকা দিতে অস্বীকৃতি জানালে বেলা ১১টার দিকে সবুজ শ্বশুরবাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে ঘরে প্রবেশ করেন। এরপর দরজা বন্ধ করে স্ত্রীকে মারধর ও গলা টিপে হত্যার চেষ্টা চালান।
এ সময় তানিয়ার চিৎকার শুনে স্থানীয় লোকজন দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন এবং সবুজকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেন। আহত তানিয়াকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে নির্যাতনের ভিডিওটি স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নজরে এলে তিনি দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জেএইচআর