পোরশা (নওগাঁ) প্রতিনিধি
জুন ১৮, ২০২৬, ০৪:২২ পিএম
নওগাঁর পোরশায় সরকারি নির্দেশনা অনুযায়ী গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় বিদ্যালয় মাঠের পূর্ব প্রান্তে আমড়া, তেঁতুল ও নিম গাছ লাগিয়ে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন গাঙ্গুরিয়া ইউনিয়ন সভাপতি নুর আহমেদ। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনার রশিদ, সহকারী শিক্ষক আব্দুল মতিন, মোবারক হোসেন, ইসমাইল হোসেন ও আহসান হাবিবসহ অন্যান্য শিক্ষক, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে তাঁরা সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
জেএইচআর