চাঁদপুর প্রতিনিধি
জুন ২১, ২০২৬, ১২:০৯ এএম
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের নতুন সচিব অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব অডিটোরিয়ামে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
সংবর্ধনা অনুষ্ঠানে বোর্ডের সচিব অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটন বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের জন্য দপ্তর উন্মুক্ত করে দিয়েছেন। এখন প্রতিদিন সারাদেশ থেকে শত শত শিক্ষক সরাসরি এসে তাঁদের সমস্যার কথা জানাতে পারছেন।
সচিব বলেন, বিগত সরকারের আমলে শিক্ষকরা বছরকে বছর হয়রানির শিকার হয়েছেন। তারা বোর্ডের সফটওয়্যারও ক্ষতিগ্রস্ত করে রেখে গেছে। নানা সমস্যায় জড়িত এই বোর্ডকে টেনে তোলার চেষ্টা চলছে। ২০২১ সাল পর্যন্ত অবসরকালীন সুবিধার বকেয়া পরিশোধ করা হয়েছে এবং ২০২৫ সাল পর্যন্ত তা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।
অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটন উল্লেখ করেন, খুব শিগগিরই সারাদেশ থেকে অগ্রাধিকার ভিত্তিতে অন্তত ১০ হাজার শিক্ষককে আনুষ্ঠানিকভাবে অবসরকালীন সুবিধার চেক দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই চেক প্রদান করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বাজেটে এ জন্য বরাদ্দ রেখেছেন বলেও তিনি জানান।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক এবিএম শাহ আলম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপি, জিয়া পরিষদ এবং বিভিন্ন উপজেলার শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত শিক্ষকদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং শেষে সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
জেএইচআর