স্পোর্টস ডেস্ক
জুন ২০, ২০২৬, ১১:৪৭ পিএম
বিশ্বকাপে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল। পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় নিশ্চিত করেছে টাইগ্রেসরা। একই সঙ্গে বিশ্বকাপের এক আসরে প্রথমবারের মতো একাধিক ম্যাচ জয়ের কৃতিত্বও অর্জন করেছে বাংলাদেশ।
সাউদাম্পটনে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুটা মোটেও ভালো হয়নি। মাত্র ১৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। এমন পরিস্থিতিতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এক প্রান্ত ধরে রেখে ইনিংস গড়ার চেষ্টা করেন।
মধ্যভাগে নিয়মিত উইকেট হারালেও শেষ দিকে স্বর্ণা আক্তারের ঝড়ো ব্যাটিং বাংলাদেশকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়। ২২ বলে অপরাজিত ৩৯ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৫টি চার। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান তোলে বাংলাদেশ।
১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে ছিল পাকিস্তান। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় কোনো জুটি গড়তে পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে রান তোলার গতি ধরে রাখতে ব্যর্থ হয় দলটি।
নাহিদা আক্তারের নেতৃত্বে স্পিনাররা মাঝের ওভারগুলোতে পাকিস্তানের ব্যাটারদের চেপে ধরেন। রাবেয়া খান ও সানজিদা আক্তার মেঘলাও ছিলেন দারুণ মিতব্যয়ী। ফলে প্রয়োজনীয় রানরেট ক্রমেই বাড়তে থাকে।
চাপ সামলাতে না পেরে শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারায় পাকিস্তান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১০০ রান সংগ্রহ করে তারা। তাতে ২৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ নারী দল।
এম জি