আমার সংবাদ ডেস্ক
জুন ২১, ২০২৬, ০৮:২২ পিএম
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে করা মামলায় কারাগারে থাকা ছাত্রশিবিরের সদ্য বহিষ্কৃত নেতা জিসান মিয়া প্রধানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তৈয়ব উদ্দিন আহমেদ এই রিমান্ড মঞ্জুর করেন। কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, আজ আদালতে মামলার তদন্তকারী সংস্থা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) জিসানের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ জানান, মামলার তদন্তের স্বার্থে আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
প্রসঙ্গত, গত ১১ জুন রাত থেকে নিখোঁজ হন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান মিয়া প্রধান। পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করার পর ১৩ জুন রাতে জেলার লাকসাম জংশন এলাকা থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, ২৫ বছর বয়সী এক বিধবা নারী বাদী হয়ে জিসানের বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে মামলা করেন। মামলার বিবরণ অনুযায়ী, ৫-৬ মাস আগে ফেসবুকের মাধ্যমে জিসানের সঙ্গে ওই নারীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২০ মে দাউদকান্দির একটি ভাড়া বাসায় নিয়ে ওই নারীকে ধর্ষণ করা হয়। পরবর্তীতে ওই নারী গর্ভবতী হয়ে পড়লে জিসান ও তাঁর এক সহযোগী মিলে ওষুধ খাইয়ে ভ্রূণ নষ্ট করেন।
পুলিশ আরও জানায়, গত ১২ জুন তাঁদের বিয়ের কথা থাকলেও জিসান মূলত বিয়ে এড়াতে আগের দিন রাতে নিখোঁজের নাটক সাজিয়েছিলেন। এই ঘটনাটি প্রকাশ্যে এলে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর গত মঙ্গলবার আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেএইচআর