ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬
প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২১, ২০২৬, ০৯:৩৪ পিএম

মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো

দেশের বাইরে কাজ করতে ইচ্ছুক শ্রমিকদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মালয়েশিয়ায় পৌঁছে রোববার প্রবাসী বাংলাদেশিদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর সাথে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

শ্রমিকদের দক্ষ করে গড়ে তোলার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "যাঁরা বিদেশে কাজের উদ্দেশ্যে আসবেন, তাঁদের ভাষা শেখানোর পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে সরকার। এর জন্য দেশের টেকনিক্যাল ইনস্টিটিউশনগুলোকে আরও আধুনিক ও উন্নত করা হবে। আগামী ১০ বছরে বিশ্বের কোন কোন দেশে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে, তা নিয়ে সরকার এখন থেকেই পরিকল্পনা করছে।"

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের কাজের প্রশংসা করে তিনি বলেন, "২০১৪ সালে আমি এখানে এসেছিলাম। আজ আবার এসে দেখলাম এ দেশের রাস্তাঘাট অনেক পরিচ্ছন্ন। এই পরিচ্ছন্নতা বজায় রাখতে বাংলাদেশিরাও ভূমিকা রাখছে। তারা যদি প্রবাসে এমন শৃঙ্খলা বজায় রাখতে পারে, তবে আমরা আমাদের নিজেদের দেশকে কেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারব না?"

মালয়েশিয়ায় প্রবাসীদের কাজের সুযোগ বাড়াতে তাঁর সরকার তৎপর রয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তাই এই সফরে আসা। সফরে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি এখানে যাঁরা কাজ করছেন এবং দেশ থেকে আরও কর্মী আনার বিষয়ে কথা হবে।

এ সময় মালয়েশিয়ার বিভিন্ন কারাগারে আটকে থাকা বাংলাদেশিদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সেখানে দুই হাজারেরও বেশি বাংলাদেশি আটকে আছেন। তাঁদের কীভাবে মুক্ত করে দেশে ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে মালয়েশিয়া সরকারের উচ্চপর্যায়ের সাথে আলোচনা করা হবে। এ ছাড়া বাংলাদেশে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার আইটি ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম গণমাধ্যমকে জানান, এই সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে টার্মস অব রেফারেন্স (টিওআর)-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি সাংস্কৃতিক সহযোগিতা বিষয়েও আরেকটি সমঝোতা স্মারক সই হতে পারে।

দুই দেশের সরকারপ্রধানের আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, শ্রমবাজার, শিক্ষা, কৃষি, জ্বালানি, হালাল শিল্প ও সেমিকন্ডাক্টরসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে। এ ছাড়া মালয়েশিয়ার বিভিন্ন খাতে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ, আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মালয়েশিয়ার সমর্থন কামনার বিষয়টিও আলোচনায় থাকবে বলে জানা গেছে।

জেএইচআর

Link copied!