মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
জুন ২১, ২০২৬, ০৯:৫৩ পিএম
নরসিংদীর মনোহরদীতে মাগরিবের নামাজের জন্য অজু করার সময় বজ্রপাতে তিন মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদরাসায় এই ঘটনা ঘটে। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় মাগরিবের নামাজের আগে মাদরাসার মাঠে চার শিক্ষার্থী একসঙ্গে অজু করছিল। এ সময় হঠাৎ তাদের ওপর বজ্রপাত হলে তারা সবাই মারাত্মকভাবে আহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিন শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। আহত অপর শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মাদরাসার মুহতামিম মাওলানা খোরশেদ জানান, নিহতদের মধ্যে আবু রায়হান (১২) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দেলোয়ার হোসেনের ছেলে এবং জহিরুল (১৩) একই উপজেলার বাদল মিয়ার ছেলে। নিহত অপর শিক্ষার্থী আবু জাফর (১২) ময়মনসিংহের নান্দাইল উপজেলার কালীবাজার এলাকার জহিরুল ইসলামের ছেলে।
গোতাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত রবিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
জেএইচআর