নুরুল আমিন, খুলনা
জুন ২২, ২০২৬, ০৩:১০ পিএম
খুলনা মহানগরীতে চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধচক্রের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে একটি সন্ত্রাসী চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আবরার ফয়সাল, মো. আল-আমিন, মো. তুষার শিকদার, মো. আসিফ এবং মো. সাজ্জাদ হোসেন সাব্বির। সোমবার দুপুরে খুলনার খালিশপুরে ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযানের বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, আধুনিক গোয়েন্দা তথ্য ও উন্নত প্রযুক্তির সহায়তায় ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় এই চিরুনি অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত আসামিরা খুলনার কুখ্যাত ‘বি কোম্পানি’সহ বিভিন্ন স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীর সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তারা আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। পুলিশের রেকর্ড অনুযায়ী, গ্রেপ্তারকৃত এই আসামিদের বিরুদ্ধে হত্যা, অবৈধ অস্ত্র, মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে খুলনায় পরবর্তী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় তাদের গোপন আস্তানা থেকে একটি ম্যাগাজিনযুক্ত বিদেশি পিস্তল, একটি রিভলভার এবং ৭.৬৫ বোরের দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এই অবৈধ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
জেএইচআর