ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
জুন ২২, ২০২৬, ০৩:১৯ পিএম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষকদের আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, উৎপাদনশীলতা উন্নয়ন এবং আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে “পার্টনার কংগ্রেস ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এই কংগ্রেসের আয়োজন করা হয়।
বিশ্বব্যাংক, ইউএনডিপি এবং আইএফএডি-এর সহযোগিতায় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের আওতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রাণী চৌহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমেদ খান এবং সিনিয়র মনিটরিং অফিসার মো: সালাউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হিরা। এছাড়া উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় কৃষক-কৃষাণীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহার, প্রশিক্ষণ এবং সহায়তার মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও জীবনমান উন্নয়ন সম্ভব। তাঁরা আরও উল্লেখ করেন, ‘পার্টনার’ প্রকল্প দেশের কৃষি খাতে টেকসই উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জেএইচআর