স্পোর্টস ডেস্ক
জুন ২৬, ২০২৬, ১১:১৯ পিএম
২০২৬ ফুটবল বিশ্বকাপে গোলের বন্যা যেন থামছেই না। আর সেই গোল উৎসবেই ভেঙে গেছে বিশ্বকাপ ইতিহাসের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড। যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার অস্টন ট্রাস্টির একটি গোলই টুর্নামেন্টকে এনে দিয়েছে অনন্য এই মাইলফলক।
ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে তুরস্কের বিপক্ষে ম্যাচের মাত্র তিন মিনিটে গোল করেন ট্রাস্টি। সেই গোলটি ছিল চলতি বিশ্বকাপের ১৭৩তম গোল। এর মধ্য দিয়েই ভেঙে যায় ২০২২ কাতার বিশ্বকাপে হওয়া ১৭২ গোলের পূর্ববর্তী রেকর্ড।
রেকর্ড ভাঙার পরও থামেনি গোলের ধারা। যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যকার সেই ম্যাচে আরও চারটি গোল হয়। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় পায় তুরস্ক। ফলে চলতি আসরে মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৭৭। মজার ব্যাপার হলো, এই রেকর্ড গড়া হয়েছে মাত্র ৫৯টি ম্যাচ শেষেই। যদিও ৬০তম ম্যাচে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের মধ্যকার লড়াইটি গোলশূন্য ড্র হওয়ায় গোলসংখ্যা আর বাড়েনি।
২০২২ বিশ্বকাপে মোট ৬৪টি ম্যাচে হয়েছিল ১৭২ গোল। এবার দলের সংখ্যা বৃদ্ধির কারণে ম্যাচের সংখ্যা বেড়ে হয়েছে ১০৪। অর্থাৎ আগের আসরের তুলনায় ৪০টি ম্যাচ বেশি থাকায় গোলের সংখ্যাও দ্রুত বাড়ছে।
চলতি আসরে এ পর্যন্ত সবচেয়ে বেশি ১০টি করে গোল করেছে জার্মানি ও নেদারল্যান্ডস। আটটি করে গোল করেছে কানাডা ও যুক্তরাষ্ট্র। এ ছাড়া সাতটি করে গোল করেছে সুইজারল্যান্ড, ব্রাজিল, জাপান, সুইডেন ও নরওয়ে।
বিশ্বকাপে এই গোলবন্যা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “কাতারের ১৭২ গোলের রেকর্ড ভেঙে যাওয়া পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে, ২০২৬ বিশ্বকাপ কতটা আক্রমণাত্মক, রোমাঞ্চকর এবং স্মরণীয় হয়ে উঠেছে।” গোলের পর গোল আর রেকর্ডের পর রেকর্ড সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপ এখন ফুটবল ইতিহাসের অন্যতম বিধ্বংসী ও আক্রমণাত্মক আসর হিসেবে জায়গা করে নিতে চলেছে।
জেএইচআর