আমার সংবাদ ডেস্ক
জুলাই ৭, ২০২৬, ১২:২৯ এএম
অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক ও যোগাযোগ ব্যবস্থায় চরম ঝুঁকি সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
সোমবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটন সেল থেকে জারিকৃত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে টানা ভারী বৃষ্টিপাতের কারণে জেলার বিভিন্ন পাহাড়ি সড়কে পাহাড়ধস ও মাটি সরে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি ও সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ বিবেচনায় নিয়ে পর্যটক এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১০ জুলাই (শুক্রবার) পর্যন্ত বান্দরবানের সব পর্যটন স্পট, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ ও দুর্গম এলাকাগুলোতে পর্যটক এবং সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে ট্যুর অপারেটরদেরও এই সময়ে কোনো বুকিং বা ভ্রমণ পরিচালনা না করার নির্দেশ দেওয়া হয়েছে।
বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস জানান, টানা বর্ষণের ফলে পাহাড়ধসের মতো দুর্ঘটনার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। মানুষের জীবন ও সম্পদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সাময়িকভাবে সব পর্যটন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে নতুন সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, প্রতিবছর বর্ষা মৌসুমে বান্দরবানের বিভিন্ন পাহাড়ি এলাকায় আকস্মিক ঢল, সড়ক ভেঙে যাওয়া এবং পাহাড়ধসের ঘটনা ঘটে। এই কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের পাহাড়ি এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
জেএইচআর