নরসিংদী প্রতিনিধি
জুলাই ৭, ২০২৬, ০৫:৫৪ পিএম
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, একটি সুন্দর সমাজ গড়ে তোলা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মাদক নিয়ন্ত্রণ করা আমাদের নৈতিক দায়িত্ব। এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
আমাদের দলের কোনো নেতাকর্মী যদি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে দ্বিগুণ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকের পক্ষে যারা তদবির করবে, তাদেরও গ্রেপ্তার করা হবে। এ বিষয়ে আমরা ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাসী।
সোমবার বিকেলে নরসিংদী পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের কামারগাঁও শাহী ঈদগাহ মাঠে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমানে সমাজের সবচেয়ে বড় সমস্যা মাদক। এই মাদকের কারণে দেশের যুবসমাজ ও তরুণ প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করব। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাদক নির্মূলে সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
নরসিংদী জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন এবং নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন।
সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. ইলিয়াস আলী ভূঁইয়া, জেলা বিএনপির অর্থনৈতিকবিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম আজাদ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খান এবং সাবেক কাউন্সিলর রোকনোজ্জামান রোকনসহ অনেকে।
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক এবং কামারগাঁও এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এই সময় তাঁরা নিজ নিজ এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
জেএইচআর