আমার সংবাদ ডেস্ক
জুলাই ৭, ২০২৬, ০৫:৪১ পিএম
দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩২ জন শিশু হাম অথবা হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৪২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৪৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, আর ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৩ শিশু।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় যে শিশুটির মৃত্যু হয়েছে, তার শরীরে হামের উপসর্গ ছিল। তবে এই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
একই সময়ে নতুন করে ২১৩ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এছাড়া আরও ৮১৯ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে গত একদিনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩২ জনে।
হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ৭৮৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭৮২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৭ হাজার ৩৮৪ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ল্যাব পরীক্ষায় ১৩ হাজার ৪ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে। এ সময়ের মধ্যে মোট ৯০ হাজার ৫২২ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৬ হাজার ৮৪৪ জন।
এএন