নরসিংদী প্রতিনিধি
জুলাই ৮, ২০২৬, ০২:১৪ পিএম
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১১টি নিহত ও আহত পরিবারকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃক অনুমোদিত মোট ৪১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন।
চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান, বিআরটিএ নরসিংদী সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী বখতিয়ার উদ্দিন, মোটরযান পরিদর্শক মো. রাসেল আহমেদ এবং মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো. মিনহাজ উদ্দীন আহমেদসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণের জন্য নির্ধারিত নিয়মে আবেদন করা হয়েছিল। পরবর্তীতে তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে যাচাই-বাছাই শেষে প্রতিটি পরিবারের অনুকূলে এই অনুদানের টাকা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, সড়ক দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে উপযুক্ত প্রমাণাদিসহ নির্ধারিত ফরমে আবেদন করলে ট্রাস্টি বোর্ড সেই আবেদন যাচাই-বাছাইপূর্বক ক্ষতিগ্রস্তদের জন্য এই আর্থিক সহায়তা মঞ্জুর করে থাকে।
জেএইচআর