জুলাই ৮, ২০২৬, ০৮:০১ পিএম
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট মানবাধিকারকর্মী আইরিন খান। একই সঙ্গে তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।
বুধবার (৮ জুলাই) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইরিন খান দায়িত্বে থাকাকালীন প্রতিমন্ত্রীর পদমর্যাদা অনুযায়ী বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আইরিন খান আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত একজন মানবাধিকারকর্মী। তিনি ২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সংস্থাটির ইতিহাসে তিনিই ছিলেন প্রথম নারী মহাসচিব।
পরে ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত আইরিন খান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২০ সালের ১ আগস্ট থেকে তিনি জাতিসংঘের মতপ্রকাশের স্বাধীনতা ও সুরক্ষাবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৩ সালে এই পদ চালুর পর তিনিই প্রথম নারী হিসেবে এ দায়িত্ব পান।
দীর্ঘদিন ধরে মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে আসছেন আইরিন খান। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে তার নিয়োগকে দেশের কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।
এম জি
