নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
জুলাই ৯, ২০২৬, ০৬:০৬ পিএম
টাঙ্গাইলের নাগরপুরে বিষধর সাপের কামড়ে শাকিল (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার মামুদনগর ইউনিয়নের জয়ভোগ গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শাকিল ওই এলাকার সালাম মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেল আনুমানিক ৫টার দিকে শাকিল নিজ বাড়ির শৌচাগারে যান। সেখান থেকে বের হওয়ার সময় একটি সাপ তাকে দংশন করে। যুবকের চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানকার দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শাকিলকে মৃত ঘোষণা করেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর এমন অকাল প্রয়াণে পরিবার, সহপাঠী ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।
এ বিষয়ে নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ. কাদীর জানান, রোগীকে হাসপাতালে আনার পর দ্রুততম সময়ের মধ্যে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল। কিন্তু বিষের তীব্রতা বেশি থাকায় এবং অবস্থার অবনতি ঘটায় তাকে দ্রুত জেলা সদরের হাসপাতালে রেফার করা হয়।
জেএইচআর