সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জুলাই ৯, ২০২৬, ০৬:৪৭ পিএম
জামালপুরের সরিষাবাড়ীতে প্রবীণ মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে নিজের মায়ের দায়ের করা মামলায় রাশেদুল ইসলাম ওরফে জাকির (৪২) নামের এক প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে জামালপুরের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার (৮ জুলাই) দুপুরে সরিষাবাড়ী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রাশেদুল ইসলাম গেন্দারপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হক তালুকদারের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মায়ের দেখভাল ও ভরণপোষণের দায়িত্ব পালন না করায় তাঁর মা রাশেদা বেগম (৬৪) বাদী হয়ে ‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’-এর ৫(১) ও ৫(৫) ধারায় সরিষাবাড়ী থানায় এই মামলাটি দায়ের করেন। মামলার পরেই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে "মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে" শিরোনামে একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং অভিযুক্ত প্রকৌশলী রাশেদুল ইসলাম জাকির সামাজিক মাধ্যমে কঠোর সমালোচনার মুখে পড়েন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, "মায়ের দায়ের করা মামলার ভিত্তিতেই অভিযুক্ত রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।"
পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী, সন্তান কর্তৃক মা-বাবার ভরণপোষণের দায়িত্বে অবহেলা করা একটি কঠোর শাস্তিযোগ্য অপরাধ। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে।
জেএইচআর