তালতলী (বরগুনা) প্রতিনিধি
জুলাই ১০, ২০২৬, ০২:৪১ পিএম
বরগুনার তালতলীর শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আসাদুল (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে বঙ্গোপসাগরের মোহনা শুভ সন্ধ্যার দক্ষিণ-পশ্চিম মাথায় স্থানীয় লোকজন আসাদুলের মরদেহ ভাসমান অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পরে স্থানীয় নৌ পুলিশ ও তালতলী থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মৃত আসাদুল পার্শ্ববর্তী আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের মো. মুসার ছেলে।
এর আগে গত মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সমবয়সী ৫ জন একসঙ্গে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুরতে আসেন। পরে তাঁরা সৈকতে নেমে ঘোরাঘুরি শেষে সমুদ্রে গোসলে নামেন। তবে কয়েকদিন ধরে নিম্নচাপের প্রভাবে সাগরের পানি উত্তাল থাকায় আসাদুলসহ অন্যরা তীব্র স্রোতে ভেসে যান। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা ৪ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও আসাদুল স্রোতের টানে গভীর সাগরে তলিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসাদুল পানিতে ভেসে গিয়ে দীর্ঘ সময় ধরে সমুদ্রের মাঝে মাছ ধরার জন্য গেড়ে রাখা একটি খুঁটি ধরে বাঁচার চেষ্টা করেছিলেন। তবে একপর্যায়ে শক্তির ওপর কুলাতে না পেরে তিনি পানিতে ডুবে নিখোঁজ হন।
খবর পেয়ে নৌ পুলিশ, তালতলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে সাগরে প্রায় ৭-৮ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে প্রথম দিন সাগরের প্রতিকূল আবহাওয়ার কারণে আসাদুলের কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজের তিন দিন পর আজ তাঁর মরদেহ উদ্ধার হলো।
তালতলী নিদ্রা ছকিনা নৌ পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা এসআই জিয়াউল ইসলাম বলেন, শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ হওয়া আসাদুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তালতলী থানায় পাঠানো হচ্ছে। স্বজনদের আবেদন সাপেক্ষ ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জেএইচআর