ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৭৫ কোটি টাকার বাজেট অনুমোদন, কোন খাতে কত বরাদ্দ

মো. সাইফুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয়

মো. সাইফুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয়

জুলাই ১০, ২০২৬, ০২:৩৭ পিএম

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৭৫ কোটি টাকার বাজেট অনুমোদন, কোন খাতে কত বরাদ্দ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৭৫ কোটি ২০ লাখ ৪ হাজার টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। বাজেটের সবচেয়ে বড় অংশ ব্যয় হবে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতায়। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৪৭ কোটি ৬০ লাখ ৩৪ হাজার টাকা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেতন-ভাতা খাতে শিক্ষকদের বেতনের জন্য ১৪ কোটি ৫০ লাখ টাকা, কর্মকর্তাদের বেতনের জন্য ৭ কোটি ৯৪ লাখ টাকা, কর্মচারীদের বেতনের জন্য ৩ কোটি ৪৬ লাখ টাকা, কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ সুবিধার জন্য ৩০ লাখ টাকা এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ ভাতা বাবদ ১৮ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দ থেকেই গত অর্থবছরের শিক্ষকদের প্রায় ৫ কোটি টাকার বকেয়া বেতন পরিশোধ করা হবে।

উপাচার্য আরও জানান, পণ্য ও সেবা ক্রয়ের জন্য ১৯ কোটি ৩৬ লাখ টাকা, রক্ষণাবেক্ষণ (মেইনটেন্যান্স) খাতে ১ কোটি ৯৮ লাখ টাকা, প্রাথমিক চিকিৎসাসেবার জন্য ১৩ লাখ টাকা এবং বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য ১৪ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

তিনি বলেন, চলতি অর্থবছরে গবেষণা অনুদান ও পরিবহন খাতে কোনো অর্থ বরাদ্দ রাখা হয়নি। কারণ, গবেষণা খাতের অর্থ বরাদ্দের সিদ্ধান্ত এখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কেন্দ্রীয়ভাবে গ্রহণ করছে। ফলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাজেটে এ খাতে কোনো বরাদ্দ রাখা হয়নি।

উপাচার্য বলেন, বাজেটের অবশিষ্ট অর্থ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আয় থেকে সমন্বয় করা হবে। এ আয়ের প্রধান উৎস হলো ভর্তি ফি, রেজিস্ট্রেশন ফি, হল ভাড়া, শিক্ষক-কর্মকর্তাদের কোয়ার্টার ভাড়া, গেস্ট হাউস ভাড়া এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক ফি।

গত ১১ জুন ইউজিসির ১৮৭তম পূর্ণ কমিশন সভায় দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ইউজিসির জন্য মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর রাজস্ব ও উন্নয়ন খাতে বরাদ্দ দেওয়া হয় ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা। ওই বরাদ্দের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ২০২৬–২৭ অর্থবছরে ৭৫ কোটি ২০ লাখ ৪ হাজার টাকা পেয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ৫ কোটি ৯১ লাখ টাকা বেশি।

এদিকে, চলতি অর্থবছর থেকে গবেষণা খাতে নতুন কাঠামো চালু করেছে ইউজিসি। এ ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা বাজেট এবং ইউজিসির গবেষণা বরাদ্দ একীভূত করা হয়েছে। ফলে গবেষণা খাতে কেন্দ্রীয় বরাদ্দ বেড়ে ২২৬ কোটি টাকায় উন্নীত হয়েছে। পাশাপাশি বৈদেশিক স্কলারশিপ খাতে আরও ১২ কোটি টাকা যুক্ত হওয়ায় এ দুই খাতে মোট বরাদ্দ দাঁড়িয়েছে ২৩৮ কোটি টাকা।

এম জি

Link copied!